দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহাজিরা এলাকার এতিম ও দুঃস্থ পুনর্বাসন কেন্দ্রটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। পর্যাপ্ত সরকারি বরাদ্দের অভাবে আবাসন ও শিক্ষা কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে।
১৯৯০ সালে প্রতিষ্ঠিত এ কেন্দ্রটি অজপাড়া গাঁয়ে অবস্থিত হলেও দীর্ঘদিন ধরে গৌরনদীসহ আশপাশের উপজেলার এতিম ও দুঃস্থ শিশুদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে কেন্দ্রটিতে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রী থাকলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি বরাদ্দ প্রয়োজনের তুলনায় অনেক কম বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
কেন্দ্রের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব সৈয়দ মিজানুর রহমান বাদশা বলেন, অর্থ সংকটের কারণে দীর্ঘদিন ভবন সংস্কার করা সম্ভব হয়নি। ফলে সীমিত জায়গায় গাদাগাদি করে বসবাস করতে হচ্ছে শিশুদের। তিনি ভবন সংস্কার ও নিবাসীদের জীবনমান উন্নয়নে সরকারি সহায়তার পাশাপাশি দেশ-বিদেশের দানশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।
প্রতিষ্ঠানটির সুপার আব্দুল গফুর ভূঁইয়া জানান, তিনি টানা ৩৩ বছর ধরে কেন্দ্রটির দায়িত্ব পালন করছেন। বর্তমানে সরকারি বরাদ্দ ও স্থানীয় সহায়তার তুলনায় প্রতি মাসে প্রায় দ্বিগুণ ব্যয় হচ্ছে। শিক্ষক ও কর্মচারীদের বেতন দেওয়ার পাশাপাশি নিবাসীদের খরচ মেটাতে চরম সংকটে পড়তে হচ্ছে।
তিনি আরও বলেন, ভবনগুলোর জরাজীর্ণ অবস্থার কারণে শিশুদের ঝুঁকিপূর্ণ পরিবেশে থাকতে হচ্ছে। অনেক নিবাসী এ কারণে কেন্দ্রে থাকতে অনাগ্রহ প্রকাশ করছে। দ্রুত ভবন সংস্কার না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে গৌরনদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা বলেন, খুব শিগগিরই সরেজমিনে কেন্দ্রটি পরিদর্শন করা হবে। সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
জে আই